ছবি: সংগৃহীত
বিদেশে ভিসা আবেদনের সময় জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং বিনিয়োগসংক্রান্ত নথিতে কিউআর কোড সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নথি যাচাই প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়, বিদেশি দূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন ধরনের ব্যাংক নথি জমা দিতে হয়। কিন্তু এসব নথি তাৎক্ষণিকভাবে যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় ভিসা প্রক্রিয়ায় সময়ক্ষেপণ ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথি ডিজিটাল উপায়ে সহজে যাচাইয়ের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নিয়ম অনুযায়ী, নথিতে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। এর মধ্যে থাকবে অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরু ও শেষের স্থিতি এবং নথি প্রস্তুতের তারিখ। এসব তথ্য যাচাইযোগ্য করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ এবং যাচাইয়ের উপযোগী অবস্থায় রাখার কথাও বলা হয়েছে সার্কুলারে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে সব ব্যাংককে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষাবিষয়ক বিদ্যমান বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
