পরকীয়া সম্পর্কের জেরে স্বামী হত্যার মামলার এক পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৮ জুলাই ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরের শাহী ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি আকতার কামাল (৪২)। তিনি কক্সবাজার জেলার রামু থানাধীন কালারপাড়া এলাকার হামজা আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত ছৈয়দ হোসেন একই এলাকার বাসিন্দা। তার স্ত্রী আনোয়ারা বেগম ও বোনের স্বামী আকতার কামালের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। ভিকটিম ২০১৯ সাল থেকে প্রবাসে থাকাকালীন আকতার কামাল তার সংসারের খোঁজখবর নেওয়ার সুবাদে বাড়িতে যাতায়াত করতেন। এ সময় তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।
২০২৩ সালে প্রবাস থেকে দেশে ফিরে বিষয়টি জানতে পেরে ছৈয়দ হোসেন আকতার কামালকে বাড়িতে আসতে নিষেধ করেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে তারা গোপনে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ ও বিরোধ চলছিল।
গত ২৫ জুন ২০২৬ ভোরে নিহতের মেয়ের ফোনে পরিবারের সদস্যরা জানতে পারেন ছৈয়দ হোসেন মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ মরদেহ দেখতে পান স্বজনরা। নিহতের ভাইয়ের অভিযোগ, পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রী আনোয়ারা বেগম ও আকতার কামাল অজ্ঞাত সহযোগীদের নিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজারের রামু থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৬৫, তারিখ ২৭/০৬/২০২৬, ধারা ৩০২/৩৪)।
র্যাব জানায়, মামলার আসামিদের গ্রেফতারে র্যাব-৯ (সিলেট) ও র্যাব-১৫ (কক্সবাজার) যৌথভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি আকতার কামালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
