https://www.emjanews.com/

16987

national

প্রকাশিত

০৯ জুলাই ২০২৬ ১৩:০২

জাতীয়

ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১৩:০২

সংবিধানে ফিরছে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে দেশের নির্বাচনী ও সাংবিধানিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ের পর্যবেক্ষণে জানানো হয়, সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল করা হয়েছে। এছাড়া জনগণের মৌলিক অধিকার বলবৎ করার একচ্ছত্র ক্ষমতা পুনরায় সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হলো। তবে পঞ্চদশ সংশোধনীর অন্যান্য পরিবর্তনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করেছিল। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ‘সুজন’ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর বাসিন্দা মোফাজ্জল হোসেন পৃথক তিনটি আপিল আবেদন করেছিলেন। আপিলকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুঁইয়া, মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

আদালতের এই রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এক প্রতিক্রিয়ায় জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায়টি বহাল রাখায় এখন থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও সুসংহত হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই রায়কে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।