https://www.emjanews.com/

17003

sylhet

প্রকাশিত

০৯ জুলাই ২০২৬ ১৯:৫৮

সিলেট

মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১৯:৫৮

ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এর ফলে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁও ও বনগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। বর্তমানে কমলগঞ্জ-আদমপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি গ্রামে প্রবেশ করতে শুরু করে। ঘরবাড়ি ও গবাদিপশু রক্ষায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। দ্রুত পানি বাড়তে থাকায় আলীনগর ও মাধবপুর এলাকাতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, ধলাই নদীর পানি আজ সকাল ৮টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং এর পানির উচ্চতা ক্রমেই বাড়ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, মখাবিল এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আপত্তির কারণে পূর্ণাঙ্গ কাজ শেষ করা সম্ভব হয়নি। কেবল নির্দিষ্ট অংশে কাজ করায় দুর্বল পয়েন্ট দিয়ে পানি ঢুকে এই বিপত্তি ঘটেছে।

এদিকে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। তিনি জানান, প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্লাবিত এলাকার মানুষের জানমাল রক্ষায় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।