https://www.emjanews.com/

16994

sylhet

প্রকাশিত

০৯ জুলাই ২০২৬ ১৬:১৯

সিলেট

কোম্পানীগঞ্জ সীমান্তে ৭ জনকে ‘পুশ-ইন’ চেষ্টা বিএসএফের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১৬:১৯

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কালাইরাগ কাউয়ার টুক সীমান্তের ১২৫১ নম্বর পিলারের ৩৩ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সাতজনকে প্রথমে শূন্যরেখার কাছাকাছি এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা বাধা দিলে তারা পিছু হটে সীমান্তের ভারতীয় অংশে চলে যায়। বর্তমানে তারা সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের ভেতরে অবস্থান করছে।

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, শূন্যরেখা থেকে ২০–২৫ গজ বাংলাদেশের ভেতরে এনে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সদস্যরা তা প্রতিহত করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

এদিকে, কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার পুশ-ইনের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।