সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ম্যাচ
ফুটবল উৎসবে শামিল হতে নগরবাসীকে সিসিক প্রশাসকের আহ্বান
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১৮:৪৬
ছবি: সংগৃহীত
ফুটবলপ্রেমী সিলেটবাসীর জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকে নগর ভবন প্রাঙ্গণে বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ফুটবলপ্রেমী নগরবাসী যাতে একসঙ্গে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের উত্তেজনা ও আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
তিনি বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ ও উৎসবের নাম। সেই আনন্দে সিলেটবাসীকেও একসঙ্গে সম্পৃক্ত করতে সিটি কর্পোরেশনের এই আয়োজন।
সিসিক প্রশাসক নগরবাসীকে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবার প্রতি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আয়োজন সফল করার অনুরোধ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নগরবাসী উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে পারবেন।
