শিরোনাম
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন নিয়েছেন জামায়াত নেতা! থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি জাফলংয়ে রেল, তামাবিলে চার লেন: অগ্রগতির ঘোষণা মন্ত্রীর সিলেটের তিনজনসহ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, দেশে ফিরলেন সিলেটের ৩ নাগরিকসহ ২৩ বাংলাদেশি ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা নি/খোঁজ নিয়ে ধোঁয়াশা: গাফিলতি নেই দাবি কর্তৃপক্ষের ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা ৩ সপ্তাহ ধরে নিখোঁজ: কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন পরিবারের সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের ম/রদেহ উদ্ধার, নি/খোঁ/জ ৩ জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’

https://www.emjanews.com/

17483

tourism

প্রকাশিত

০১ আগস্ট ২০২৬ ২১:৪৭

পর্যটন

শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী

যাত্রীসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ২১:৪৭

ছবি: ইমজা নিউজ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট সফরকালে শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি যাত্রীসেবার মান, স্টেশনের পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেসে করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছান মন্ত্রী। সেখানে তিনি স্টেশনের প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগার, বাথরুম, টয়লেট এবং যাত্রীসেবাসংক্রান্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। স্টেশন মাস্টার লিটন চন্দ্র দের কাছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রেলস্টেশনগুলোতে পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে হবে। যাত্রীরা যাতে স্বস্তি, নিরাপত্তা ও আরামের সঙ্গে ভ্রমণ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বদা সচেতন থাকতে হবে। ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এরপর সকাল ১১টার দিকে পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী স্টেশনের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। তিনি প্ল্যাটফর্ম, যাত্রী বিশ্রামাগার, টয়লেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও অভিযোগ শোনেন।

পরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির সময় স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। ট্রেনের দরজায় দাঁড়িয়ে তিনি রেলসেবার বিভিন্ন সীমাবদ্ধতা, ট্রেনের সময়সূচি, স্টেশন সুবিধা ও অবকাঠামোগত সমস্যার বিষয়ে মানুষের বক্তব্য শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার রেলওয়েকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থায় রূপান্তর করতে কাজ করছে। ঢাকা-সিলেট রেলপথের উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, পর্যটনসমৃদ্ধ সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। জনগণের প্রয়োজন ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশন ও রেলপথের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা ও প্রাথমিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।