পর্তুগালে যুক্তরাজ্য যুবদল নেতা আনিসুর রহমান আনিসের সংবর্ধনা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪
ছবি: সংগৃহীত
সিলেটের কৃতী সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি আনিসুর রহমান আনিছের সংক্ষিপ্ত পর্তুগাল সফর উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল পর্তুগালের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পর্তুগাল যুবদলের প্রস্তাবিত সভাপতি স্বপন এমদাদের সভাপতিত্বে এবং যুবনেতা জাবেদ হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের মানুষের অধিকার আদায় এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসী নেতাকর্মীরা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
সংবর্ধিত অতিথি আনিসুর রহমান আনিছ পর্তুগাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। দলের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংবধিত অতিথি আনিসুর রহমান তাকে এভাবে সম্মান দেখানোর জন্য পর্তুগাল যুবদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য আবদুল হাসিব, সদস্য আবদুল লতিফ কয়েস, পর্তুগাল বিএনপির সদস্য সুজন ভূঁইয়া, লিসবন মহানগর বিএনপির সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক তারেক তানবির, জাসাসের আহ্বায়ক ইমরান আহমদ ইমু, যুবনেতা অনিক আহমদ, যুবনেতা মর্তুজ আলী ও যুবনেতা কাওসার আলমসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আনিসুর রহমান আনিছের পর্তুগাল সফরকে স্বাগত জানিয়ে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
