ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানি যুব ক্রিকেটারদের ঘিরে ধরলেন বিক্ষোভকারীরা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২০
ছবি: সংগৃহীত
ইংল্যান্ড সফরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আশ্রয়প্রার্থী ভেবে পোর্টসমাউথের একটি হোটেলের বাইরে পাকিস্তানি ক্রিকেটার ও স্টাফদের ঘিরে ধরেছিলেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলের বাইরে প্রায় ৪০ জন বিক্ষোভকারী জড়ো হন। আশ্রয়প্রার্থীরা সেখানে অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে তারা হোটেলে আসেন। পরে জানা যায়, সেখানে অবস্থান করছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ও স্টাফরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক জানান, তিনি পাকিস্তান দলের কোচের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীদের ভুল বোঝাবুঝির বিষয়টি জানান। এরপর কয়েক মিনিটের মধ্যেই তারা সরে যান।
ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তান ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে এবং দলের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছে।
মাঠে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান যুব দল। চার দিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০ রানে হারলেও পরের যুব ওয়ানডেতে স্বাগতিকদের ১৭৭ রানে হারিয়েছে তারা। সিরিজে আরও তিনটি ওয়ানডে বাকি।
