সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী তাকে চার বছর মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম সিকৃবির উপাচার্য হিসেবে দায়িত্ব পান।
জানা গেছে, অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। এমন অবস্থায় উপাচার্য পদে পরিবর্তন আনা হলো।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর চলমান অচলাবস্থা নিরসন হবে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে।
