সিলেটের জৈন্তাপুরে সাফরি নদীর পাড় থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া ১১১ রাউন্ড গুলি, দুটি রাইফেলের ম্যাগাজিন ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
এসআরবি জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার বাউরভাগ মল্লিফৌদ এলাকায় সাফরি নদীর পাড়ে অভিযান চালানো হয়। এ সময় নদীর তীরবর্তী স্থানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি, ম্যাগাজিন ও গ্রেনেড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গুলিগুলো থ্রি-নট-থ্রি রাইফেলের এবং এগুলো থানা থেকে লুট হওয়া বলে জানায় এসআরবি। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
এসআরবি আরও জানায়, উদ্ধার করা দুটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক হওয়ায় তাদের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বিধি অনুযায়ী সেগুলো ধ্বংস করেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডি মূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে এসআরবি।
