সিলেটে যেভাবে ক্রেতার সূত্র ধরে ই/য়া/বা বিক্রেতার কাছে গেলো পুলিশ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪০
সিলেটের জকিগঞ্জ থানার পৃথক অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চেকপোস্ট পরিচালনা ও পরবর্তী অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের জামডহর এলাকায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় ২০০০ পিস ইয়াবাসহ আমবাড়ী গ্রামের মৃত মোবাশ্বির আলীর ছেলে আব্দুস শুক্কুর আলী (৫০)কে আটক করা হয়।
এর কিছুক্ষণ পর একই স্থানে আরেকটি সিএনজি তল্লাশি করে ১০০ পিস ইয়াবাসহ বিয়ানীবাজার উপজেলার দাসউরা এলাকার মস্তাব আলীর ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩৩)কে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানায়, মাছুম বাজার এলাকার আশুক আহমদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মাছুম বাজার এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ বিপক গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে আশুক আহমদ (৬৫) কে ইয়াবা বিক্রির ১৩ হাজার টাকাসহ আটক করে।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
