রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর পুরো এলাকা ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানায় বাহিনীটি। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কাজ করছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং কারা এর সঙ্গে জড়িত—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অভিযান ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
সম্প্রতি মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর ঢাকার বিভিন্ন প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
