ছবি: সংগৃহীত
সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রশাসনিক কাঠামো শক্তিশালী ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মাজার পরিচালনা কমিটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মাজার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩টি গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মাজার পরিচালনায় ১ জন ম্যানেজার, ১ জন হিসাবরক্ষক এবং ১ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ায় ম্যানেজার ও হিসাবরক্ষক পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ বছর।
এছাড়া অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদের বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির সভায় মাজারের আয়-ব্যয়ের হিসাবে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করতে দক্ষ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকেই বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হলো। মাজারের প্রশাসনিক গতিশীলতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী, আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য সিলেটের জেলা প্রশাসকের সরকারি ওয়েবসাইট (www.sylhet.gov.bd) এবং কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে, গত ১৯ সেপ্টেম্বর শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে রেকর্ড ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও ১৫টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
এছাড়া দান হিসেবে পাওয়া পশুগুলো লঙ্গরখানা ও অসহায়দের সহায়তায় ব্যয় করা হয়েছে। মাজারের এই বিশাল অঙ্কের অর্থ ও সম্পদ ব্যবস্থাপনায় অধিকতর পেশাদারিত্ব নিশ্চিত করতেই নতুন এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
