মাজার জিয়ারতের মধ্য দিয়ে ওসমানীনগরে উমরপুর ইউপি নির্বাচনে সাজিদ মিয়ার প্রচারণা শুরু
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২১
ছবি: সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুক্তরাজ্য বিএনপি নেতা আলহাজ মো. সাজিদ মিয়া।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পূর্বগাঁও এলাকায় অবস্থিত কনাইপীরের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।মাজার জিয়ারত শেষে বিকেল ৫টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী উমরপুর বাজারে ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন সাজিদ মিয়া। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কথা ও মতামত শোনেন।
পরে সন্ধ্যা ৬টার দিকে খাদিমপুর নিউ মার্কেটে গিয়ে ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করার কথা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. সাজিদ মিয়া।
গণসংযোগ শেষে আলহাজ মো. সাজিদ মিয়া বলেন, আমি উমরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, মানুষের মৌলিক সমস্যা সমাধান এবং সবার সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।
উল্লেখ্য, আসন্ন উমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে মাঠপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, প্রচারণা ও গণসংযোগ আরও বাড়বে বলে স্থানীয়দের ধারণা।
