প্রবাসীদের যেসব কাজ না করার অনুরোধ জানালো বাংলাদেশ কনস্যুলেট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৮
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এতে স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কোনো পোস্টে পছন্দচিহ্ন দেওয়া, মন্তব্য করা বা শেয়ার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কাগজপত্র সম্পূর্ণ না বুঝে তাতে স্বাক্ষর করা বা সাদা কাগজে স্বাক্ষর ও আঙুলের ছাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল সংযোগ, সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া, এক অঞ্চলের বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা করা এবং অবৈধভাবে পানি বিক্রিসহ বিভিন্ন দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভনে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কনস্যুলেট বলেছে, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
