থাইল্যান্ডে আটকা বাংলাদেশ বিচ ভলিবল দল, বিমান সংস্থার অসহযোগিতার অভিযোগ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭
বাংলাদেশ বিচ ভলিবল দল।
জাপানে এশিয়ান গেমসে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে আকস্মিক বন্যায় থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়েছেন বাংলাদেশের বিচ ভলিবল দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। প্রাকৃতিক দুর্যোগে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে থাই এয়ারওয়েজের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন আটকে পড়া খেলোয়াড়রা।
আটকা পড়া দলের সদস্যরা হলেন, বাংলাদেশ বিচ ভলিবল দলের অধিনায়ক সৈকত রাকেশ, আলী আল মুয়াম্মার, লাকি, সাবিনা ও কোচ ইমরান হায়দার কাঞ্চন।
ব্যাংকক বিমানবন্দরে অবস্থানরত দলের সদস্যরা জানান, দুই দিন ধরে সেখানে অবস্থান করলেও খাবার ও থাকার বিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। তাঁদের অভিযোগ, এক বেলার খাবারের জন্য শুধু একটি টোকেন দেওয়া হয়েছে। রাতে থাকার ব্যবস্থাও করা হয়নি।
কোচ ইমরান হায়দার কাঞ্চন বলেন, ‘এখানে খাওয়া-দাওয়া নিজেরাই করতেছি। থাই এয়ারলাইন্স সেভাবে কোনো কিছু করেনি। শুধু এক বেলা খাওয়ার জন্য একটা টোকেন দিয়েছিল। এমনকি রাতে থাকার ব্যবস্থাও করে নাই।’
ভলিবল ফেডারেশন সূত্রে জানা গেছে, আকস্মিক বন্যার কারণে থাই এয়ারওয়েজের যাত্রীদের একটি অংশ বিমানবন্দরে আটকা পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বিমান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দেশে ফেরার সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে।
এর মধ্যে বাংলাদেশের বিচ ভলিবল দলের সদস্যদেরও দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। খাবার ও রাতযাপনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁদের ভোগান্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন দলের সদস্যরা।
দলের সদস্যদের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দামও নিয়মিত যোগাযোগ রাখছেন।
মঙ্গলবার বিকালে ইমজা নিউজকে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে দলের সদস্যরা থাইল্যান্ডের বিমানবন্দরে আটকা পড়েছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে দেশে আনার চেষ্টা চলছে।’
তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা হলে তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। তবে, আশা করছি খুব সম্ভবত আগামীকালই তারা নিরাপদে দেশে ফিরতে পারবেন।
জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে বিচ ভলিবলে অংশ নেয় দলটি। এরই মধ্যে পুরুষ বিচ ভলিবলে মালদ্বীপকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় পুরুষ বিচ ভলিবল দল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুরুষ বিচ ভলিবলের পুল ‘এইচ’-এর ম্যাচে মালদ্বীপকে ২-১ সেটে পরাজিত করে বাংলাদেশ।
এশিয়ান গেমস অভিযান শেষে দেশে ফেরার পথে এবার আকস্মিক বন্যার কবলে পড়েছেন দলের খেলোয়াড় ও কোচ। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান চলাচল বন্ধ বা ব্যাহত হওয়ার পাশাপাশি এয়ারলাইন্সের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগে তাঁদের ভোগান্তি আরও বেড়েছে।
