ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৫১ স্কুলছাত্রী নিহত
পাল্টা হামলায় উত্তাল অঞ্চল
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩৬
ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি ক্ষেপণাস্ত্র সরাসরি বিদ্যালয় ভবনে আঘাত হানলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রথমে পাঁচজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ২৪ জনে দাঁড়ায়। সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা ৫১ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, এই হামলার কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা প্রতিশোধমূলক ব্যাপক হামলা শুরু করেছে। ইরানের নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এসব হামলার ফলে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের মিনাব শহরের বিদ্যালয়ে হামলার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এই সংঘাতের পেছনে রয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক অভিযান এবং তার জবাবে ইরান-এর প্রতিশোধমূলক হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রনেতারা।
