https://www.emjanews.com/

14951

sylhet

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ২১:২২

সিলেট

সাংবাদিকের বিরুদ্ধে 'মিথ্যা মামলার' প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ২১:২২

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার এহসান বিন মুজাহিরের (মোঃ এহসানুল হক) বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজ। 

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা জানিয়ে একে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা বলে অভিহিত করেন।

​উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে এই মামলাটি দায়ের করা হয়।

​শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু ও মামুন আহমেদসহ আরও অনেকে।

​সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী।

​সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘অভিযুক্ত আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, জালিয়াতি এবং প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি করে আসছেন। তাঁর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ইতিপূর্বে চারটি গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানালেও প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’

​বক্তারা আরও বলেন, এহসান বিন মুজাহির একজন নির্ভীক সাংবাদিক হিসেবে দীর্ঘ তদন্তের পর সত্য প্রকাশ করেছেন। কিন্তু সেই সত্যকে ধামাচাপা দিতেই তাঁকে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

​মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।