মালয়েশিয়ায় যুবদলের নতুন কমিটি: প্রবাসে দলীয় কার্যক্রমে নতুন গতি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৫
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. জসিম উদ্দিনকে সভাপতি এবং মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ১৫ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।
দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির মাঝে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন নেতৃত্ব তৈরি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান পেয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো. নূরে সিদ্দিকী সুমন; সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান বিন সিরাজ; যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাসেল রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন। প্রচার সম্পাদক করা হয়েছে বাদল কারারকে এবং দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহ উদ্দিন।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত হওয়ার পর তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সূত্রে উল্লেখ করা হয়েছে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবাসী যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। বিশেষ করে সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সচেতনতা ও সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা-সংকট তুলে ধরা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রবাস থেকে সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রেও এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দলীয় সূত্রে আরও জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত তরুণ প্রজন্মকে সংগঠিত করে আদর্শভিত্তিক রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
