https://www.emjanews.com/

16992

national

প্রকাশিত

০৯ জুলাই ২০২৬ ১৫:৩১

আপডেট

০৯ জুলাই ২০২৬ ১৬:৪২

জাতীয়

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১৫:৩১

বিশ্বকাপ ফুটবল ম্যাচে পক্ষপাতমূলক রেফারিং ও জালিয়াতির অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক তরুণ। নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানায় গতকাল বুধবার রাতে এই ব্যতিক্রমী অভিযোগটি জমা দিতে যান মো. রাকিব (২২) নামের এক যুবক। তিনি রেফারি ও ফিফার এমন কর্মকাণ্ডে কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে দাবি করে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছেন।

অভিযোগকারী মো. রাকিব সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। তার করা অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। রাকিবের দাবি, গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে গোল বাতিল ও অন্যায্য পেনাল্টি দিয়ে তার প্রিয় দল মিসরকে পরাজিত করেছেন। এতে তিনি ও সাধারণ সমর্থকেরা মানসিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযোগ নিয়ে এক তরুণ থানায় এসেছিলেন ঠিকই, তবে এই বিষয়ে স্থানীয় পুলিশের কোনো আইনি এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে বিদায় দেওয়া হয়েছে।

ক্ষুব্ধ যুবক মো. রাকিব জানান, অন্যায়ভাবে মিসরকে হারানোর ফলে তিনি ও তার সাক্ষীরা প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন। থানা মামলা গ্রহণ না করায় তিনি এখন ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন। এমনকি প্রয়োজনে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচির ঘোষণাও দিয়েছেন এই ফুটবল ভক্ত।